ক্রিকেটই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা। সেই ক্রিকেট মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের বেঙ্গালুরুর ক্রিকেটার এসএল অক্ষয়। তৃতীয় ডিভিশনের একটি ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ বছর বয়সী এই পেসার। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতের সাবেক ক্রিকেটার Dodda Ganesh।
রোববার বেঙ্গালুরুর কেআর পুরম মাঠে একটি তৃতীয় ডিভিশন ম্যাচে খেলছিলেন অক্ষয়। ম্যাচ চলাকালে ফিল্ডিংয়ের সময় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
অক্ষয়ের মৃত্যুতে কর্নাটকের ক্রিকেট মহলে নেমে এসেছে শোকের ছায়া। সতীর্থদের কাছে তিনি ছিলেন শান্ত, বিনয়ী ও সবসময় হাসিখুশি একজন মানুষ।
তিনি কর্নাটকের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন এবং KL Rahul, Robin Uthappa ও Karun Nair–এর সঙ্গে রঞ্জি ট্রফিতেও মাঠ ভাগাভাগি করেছেন। যদিও জাতীয় পর্যায়ে খুব বড় সাফল্য পাননি তিনি। ৬টি রঞ্জি ম্যাচে নিয়েছিলেন ১৮টি উইকেট। এছাড়া কর্নাটকের হয়ে তিনটি লিস্ট-এ ম্যাচ এবং নয়টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন।
অক্ষয় কর্নাটক প্রিমিয়ার লিগেও বেশ কয়েক বছর খেলেছেন। তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন Venkatesh Prasad।