লিবিয়ায় বিভিন্ন ঝুঁকিপূর্ণ ও মানবিক সংকটময় পরিস্থিতিতে আটকে থাকা আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। International Organization for Migration (আইওএম)-এর সহযোগিতা এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টায় সোমবার (২৫ মে) সকালে তারা দেশে পৌঁছান।
জানা গেছে, বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে এসব বাংলাদেশি নাগরিক ঢাকায় পৌঁছেছেন। প্রত্যাবাসিতদের মধ্যে লিবিয়ার ত্রিপোলি থেকে ৬২ জন এবং বেনগাজি থেকে ১০৮ জন রয়েছেন। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন অনিশ্চিত ও বিপদসংকুল পরিবেশে অবস্থান করছিলেন।
প্রত্যাবাসিতদের মধ্যে ১৬ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এছাড়া ত্রিপোলি থেকে দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে গত ২০ এপ্রিল স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজত থেকে মুক্ত হওয়া ৩৭ জন বাংলাদেশিও রয়েছেন।
ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় আটক ও সংকটে থাকা আরও বাংলাদেশিদের দেশে ফেরাতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আগামী ৩১ মে ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আরও ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বিদেশে সংকটে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম অব্যাহত রাখা হবে।