দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে সক্রিয় বৃষ্টিবলয়ের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণ এবং কালবৈশাখী ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
সংস্থাটি জানিয়েছে, বুধবার রাত থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছে, যা পরবর্তী দুই দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর প্রভাব উত্তরাঞ্চলের বাইরে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জেলাতেও ছড়িয়ে পড়তে পারে।
বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার অনেক স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে।
এসব এলাকার কোথাও কোথাও তীব্র বজ্রপাত, দমকা হাওয়া এবং কালবৈশাখী ঝড়ের সঙ্গে অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। পাশাপাশি বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এছাড়া ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ আশপাশের এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া সংশ্লিষ্টরা বলছেন, এই সময় বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে খোলা জায়গা, নদী ও কৃষিজমিতে অবস্থান ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে কালবৈশাখীর সময় গাছপালা উপড়ে পড়া, বিদ্যুৎ বিভ্রাট এবং স্থানীয়ভাবে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া ঝড়-বৃষ্টির সময় বাইরে না যাওয়ার এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে।