দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষরিত নদীবন্দর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যা ৯টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, খুলনা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিরও প্রবল সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই পরিস্থিতিতে নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে হবে এবং নৌযান চলাচলে বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে।
এদিকে আগের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন বিভাগে বিচ্ছিন্নভাবে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।