ইপেপার / প্রিন্ট
সরকারি ভাতা যেন প্রকৃত ও যোগ্য উপকারভোগীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
বুধবার (৬ মে ২০২৬) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের চতুর্থ দিনের প্রথম অধিবেশন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দেশে যেসব সরকারি ভাতা প্রদান করা হয়, সেগুলোর জন্য নতুন করে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। ‘জি-টু-পি’ (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতির আওতায় রাজনৈতিক পরিচয় বা অন্যান্য প্রভাবের ঊর্ধ্বে উঠে প্রকৃত যোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে।
তিনি বলেন, “যারা সত্যিকার অর্থে ভাতার জন্য যোগ্য, তাদের কাছেই যেন সুবিধা পৌঁছায়, সেটাই আমাদের লক্ষ্য।” এ ক্ষেত্রে জেলা প্রশাসকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
ফারজানা শারমিন পুতুল আরও জানান, সরকারের বিভিন্ন সেবা ও কার্যক্রম যেন সাধারণ মানুষের কাছে কার্যকরভাবে পৌঁছে যায়, সে জন্য জেলা প্রশাসকদের সেতুবন্ধনের ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে সেবাগুলো বাস্তবায়নে তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া সরকারি কার্যক্রম বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতি যাতে বাধা হয়ে দাঁড়াতে না পারে, সে বিষয়ে কঠোর ও সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।