দীর্ঘদিন ধরে লোকসানে থাকা বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল ও রেস্তোরাঁগুলোকে দ্রুত লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রয়োজন হলে জেলা পর্যায়ে সরেজমিন পরিদর্শনের কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, লোকসানে থাকা হোটেল ও রেস্তোরাঁগুলো চিহ্নিত করে সেগুলোর ব্যবস্থাপনা উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং আধুনিকায়নের মাধ্যমে লাভজনক করা সম্ভব। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি আরও জানান, করপোরেশনের পরিবহন ব্যবস্থাও আধুনিকায়ন করা হবে। পর্যায়ক্রমে বিদ্যমান যানবাহনগুলোকে ইলেকট্রিক যানবাহনে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে। তবে গত ১৭ বছরে এ খাতে প্রত্যাশিত অগ্রগতি হয়নি বলে উল্লেখ করেন তিনি। তাই একটি সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগাতে কার্যকর প্রচারণা, পর্যটন স্পটগুলোর কৌশলগত ব্র্যান্ডিং এবং উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সভায় পর্যটন করপোরেশন ও ট্যুরিজম বোর্ডের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এ সময় মন্ত্রণালয়ের সচিব, করপোরেশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক পরিকল্পনা ও তদারকি নিশ্চিত করা গেলে দেশের পর্যটন খাতের সরকারি প্রতিষ্ঠানগুলো আবারও লাভজনক অবস্থায় ফিরতে পারে।