আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন মন্ত্রণালয়ের অধীন কোনো দপ্তর বা বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে আইন মন্ত্রণালয়ের সেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমাদের অধীনস্থ দপ্তরগুলোতে কোনো অনিয়ম, দুর্নীতি বা সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা সরাসরি জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব অভিযোগ আমরা গুরুত্ব দিয়ে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।”
তিনি আরও জানান, সরকারি সম্পত্তি সংক্রান্ত ফাইল প্রসেসিংয়ে যে বিলম্ব হয়, তা কমানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
হেল্পলাইন বা বিশেষ অভিযোগ ব্যবস্থার প্রয়োজন আছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় রয়েছে, তাই আলাদা হেল্পলাইনের প্রয়োজন নেই।
এছাড়া তিনি জানান, মামলা জট কমানোর বিষয়ে জেলা প্রশাসকদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছে এবং পার্মানেন্ট প্রসিকিউশন সার্ভিস চালুর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।