ইপেপার / প্রিন্ট
জাতীয় সংসদে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে সংঘটিত পুলিশ হত্যা, থানা লুট ও অস্ত্র হারানোর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
ফজলুর রহমান বলেন, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলা, থানা লুট ও অস্ত্র হারানোর ঘটনা ঘটে, যা কোনো আইনি সুরক্ষার আওতায় পড়তে পারে না। এসব ঘটনার যথাযথ তদন্ত হওয়া উচিত এবং দায়ীদের বিচারের আওতায় আনা প্রয়োজন।
তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করলেও তারা নাগরিক। তাদের পরিবার ও অধিকারও রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে।
সংসদে দেওয়া তার এই বক্তব্যকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরবর্তী সহিংসতার বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।