ইপেপার / প্রিন্ট
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি।
বুধবার সকালে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় বলে জানা গেছে।
সাক্ষাতে আলজেরিয়ার রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। একই সঙ্গে দুই দেশের মধ্যে অনিয়মিত অভিবাসন, মানবপাচার প্রতিরোধ এবং নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে প্রশিক্ষণ, তথ্য বিনিময় ও প্রযুক্তিগত সহায়তা জোরদারের আগ্রহ প্রকাশ করেন।
আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার পুলিশ বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করলে উভয় দেশই অপরাধ দমন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় উপকৃত হবে। তিনি পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শেষে উভয় পক্ষ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ ও কার্যকর সহযোগিতা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে বৈঠক শেষ করেন।