ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে সংঘটিত তিনটি পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোররাত ৩টা থেকে দুপুর ১২টার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে শ্রীনগর উপজেলার কামারখোলা সার্ভিস রোডের রেলওভার ব্রিজের ঢালের মাওয়ামুখী লেনে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে গাড়ির চালক গুরুতর আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে সকাল ৭টার দিকে একই এক্সপ্রেসওয়ের শ্রীনগর রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন সার্ভিস রোডে আরেকটি দুর্ঘটনা ঘটে। সড়ক মেরামত কাজে নিয়োজিত শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যানের চাকা হঠাৎ বিস্ফোরিত হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে গাড়িটি উল্টে গিয়ে পিকআপে থাকা পাঁচজন শ্রমিক আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন— আনিচুর রহমান (৪২), রবি মন্ডল (৪৪), ধনঞ্জয় মন্ডল (৪৭), অভি (২২) ও শফিক (৪০)। তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজীগাঁও এলাকায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এরও আগে, রাত ৩টার দিকে শ্রীনগর ফেরিঘাট এলাকায় মাওয়ামুখী লেনে এক পথচারী রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করা হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নিহত ব্যক্তির মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
হাইওয়ে পুলিশের ইনচার্জ ডা. মাহমুদুল হাসান বলেন, গভীর রাতে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওই পথচারীর মৃত্যু হয়। নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দলকে অবহিত করা হয়েছে।
একই দিনে একই এলাকায় ধারাবাহিক দুর্ঘটনার ঘটনায় সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কে নিরাপদ গতি বজায় রাখা, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং পথচারীদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি।