গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবিতে নতুন কর্মসূচি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
আজ (বৃহস্পতিবার) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তন-এ ঐক্যের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে চলমান আন্দোলনের পরবর্তী ধাপ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসনসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে।
এর আগে এই জোট সারাদেশে গণসংযোগ, লিফলেট বিতরণ, জেলা ও মহানগরীতে বিক্ষোভ এবং জাতীয় সেমিনারের মতো কর্মসূচি পালন করেছে।
নেতারা বলছেন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত আহ্বান না করলে আন্দোলন আরও বিস্তৃত করা হতে পারে।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানা গেছে।