চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট ও স্মার্টফোন জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।
বুধবার (১৫ এপ্রিল) সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
সূত্র জানায়, এনএসআই চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে অভিযান চালায়। এ সময় আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস-এর ফ্লাইট (বিজি-১২৮)-এর দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা হয়।
তল্লাশিতে তাদের কাছ থেকে ৬৩০ কার্টন সিগারেট (মন্ড ব্র্যান্ড) এবং ৫টি স্মার্টফোন (একটি আইফোন ও চারটি স্যামসাং) উদ্ধার করা হয়।
আটক যাত্রীরা হলেন বাঁশখালীর মোহাম্মদ আরাফাত এবং আমিরাবাদের মোহাম্মদ রায়হান।
উদ্ধারকৃত পণ্যের ওপর মোট ১৩ লাখ ৫০ হাজার টাকার রাজস্ব নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিগারেট থেকে ১২ লাখ ৬০ হাজার টাকা, একটি আইফোন থেকে ৩০ হাজার টাকা এবং চারটি স্যামসাং ফোন থেকে ৬০ হাজার টাকা রাজস্ব ধরা হয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, জব্দ করা পণ্য ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে বাজেয়াপ্ত করে চট্টগ্রাম কাস্টমস হাউস-এর হেফাজতে রাখা হয়েছে।
এ বিষয়ে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নিয়মিত নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জড়িত দুই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।