যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানে অন্তত ৯৪২টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরান সরকার। রোববার এক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এ তথ্য জানান।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেরামত করে পুনরায় ব্যবহারযোগ্য করতে অন্তত দুই থেকে তিন মাস সময় লাগবে। শুধু স্কুল নয়, আবাসন, ব্যবসা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবাখাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সরকারি হিসাব অনুযায়ী, গত দেড় মাসের সামরিক অভিযানে ইরানে মোট ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ ঘরবাড়ি, ২০ হাজারের বেশি দোকান এবং শতাধিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে।
মুখপাত্র আরও জানান, এসব ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্নির্মাণে কয়েক মাস থেকে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার বিশেষ গৃহঋণ ও পুনর্বাসন কর্মসূচি চালুর পরিকল্পনা নিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলা হামলায় ইরানে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং পাল্টা হিসেবে ইরানও বিভিন্ন অঞ্চলে মার্কিন ও মিত্র বাহিনীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এর পাশাপাশি পাকিস্তানের ইসলামাবাদ-এ অনুষ্ঠিত ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনাও কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হয়েছে, ফলে পরিস্থিতি এখনও অনিশ্চিত রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।