ইপেপার / প্রিন্ট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানে বিমান হামলার সম্ভাবনা বিবেচনা করছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী সমঝোতায় ব্যর্থ হওয়ার পর ওয়াশিংটনের নীতিনির্ধারণী পর্যায়ে সামরিক পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে বলা হয়, ট্রাম্প হরমুজ প্রণালিতে অবরোধ জারি করার পাশাপাশি সীমিত বা পুনরায় বিমান হামলার বিষয়টিও বিবেচনা করছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল থেকে ইরানি বন্দরগুলোতে আংশিক অবরোধ কার্যকর করা হচ্ছে। তবে হরমুজ প্রণালি দিয়ে বেসামরিক জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না বলে দাবি করেছে ওয়াশিংটন।
অন্যদিকে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের চাপের মুখে তেহরান কোনোভাবেই নতি স্বীকার করবে না।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বিবেচনায় সব বিকল্পই খোলা রাখা হয়েছে। তবে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ নিয়ে সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনকে তারা অনুমানভিত্তিক বলে দাবি করেছে।
সামরিক উত্তেজনার পাশাপাশি হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা বাড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হতে পারে।