ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ ও ভারত-এর মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত গভীর এবং ঐতিহাসিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।
শুক্রবার রাজধানীর গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) প্রাঙ্গণে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘আইসিসিআর দিবস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভারতীয় হাইকমিশন এবং আইজিসিসি ভারতীয় কূটনীতির সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে, যা সীমান্ত পেরিয়ে সাংস্কৃতিক বিনিময় ও সংলাপকে উৎসাহিত করছে।
দুই দেশের মধ্যে বিদ্যমান সাংস্কৃতিক অংশীদারিত্বকে আরও জোরদার করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে হাইকমিশনার ‘সম্প্রীতি’ শীর্ষক দুই দিনব্যাপী চিত্রকর্ম ক্যাম্পের উদ্বোধন করেন, যা দুই দেশের শিল্প ও সংস্কৃতির বন্ধনকে আরও সুদৃঢ় করার উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।