ইপেপার / প্রিন্ট
যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা শর্ত দিয়েছে ইরান। পাকিস্তানের মাধ্যমে পাঠানো এই প্রস্তাবের জবাবে তেহরান ১০ দফা শর্ত তুলে ধরে জানায়, তারা সাময়িক যুদ্ধবিরতির বদলে স্থায়ীভাবে সংঘাত বন্ধে আগ্রহী।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইসনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাবে ইরান অঞ্চলজুড়ে যুদ্ধ বন্ধ, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা, দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুনর্গঠনে সহযোগিতার মতো শর্ত দিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-এর বরাতে জানা গেছে, ইরান ভবিষ্যতে তাদের ওপর কোনো ধরনের হামলা না হওয়ার নিশ্চয়তা চেয়েছে। একই সঙ্গে লেবাননে তাদের মিত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর ওপর সব ধরনের হামলা বন্ধের দাবি জানিয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র-এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সময়ের মধ্যে চুক্তি না হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো—বিশেষ করে সেতু ও বিদ্যুৎ স্থাপনায় হামলা চালানো হতে পারে।
প্রভাবশালী মার্কিন পত্রিকা ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, দুই দেশের মধ্যে বড় ধরনের মতপার্থক্যের কারণে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি হওয়ার সম্ভাবনা কম। এমনকি ট্রাম্প নিজেও বিষয়টি নিয়ে খুব বেশি আশাবাদী নন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে হোয়াইট হাউজ-এর পক্ষ থেকে বলা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্টের ওপর নির্ভর করছে এবং খুব শিগগিরই এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
বিশ্লেষকদের মতে, এই উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করতে পারে এবং এর প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারেও পড়তে পারে।