ইপেপার / প্রিন্ট
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শুরুর দিকের বড় তারকাদের একজন মোহাম্মদ রফিক অবশেষে বিসিবির হয়ে কোচিং করার সুযোগ পেয়েছেন। ক্রিকেট থেকে অবসরের পর কোচিং পেশায় যোগ দিলেও আগে তিনি জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ পাননি।
এক বছরের চুক্তিতে মোহাম্মদ রফিককে বিশেষজ্ঞ স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত শনিবার বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মিটিং শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস জানিয়েছেন, “রফিক ভাই মূলত বিসিবির স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। ওনার কোনো নির্দিষ্ট দল নেই। উনি বিভিন্ন স্কোয়াডের সঙ্গে মেন্টর হিসেবে কাজ করবেন—এতে জাতীয় দল, অনূর্ধ্ব-১৯, এইচপি বা টাইগার্স সবই অন্তর্ভুক্ত। অনেকের ধারণা ভুল যে উনি শুধুই জাতীয় দলের জন্য কাজ করবেন।”
তিনি আরও বলেন, “রফিক ভাই বাংলাদেশের লিজেন্ডারি লেফট আর্ম স্পিনার। উনাকে বিসিবি স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এবং তিনি বিভিন্ন স্কোয়াডের সঙ্গে দক্ষতা ও অভিজ্ঞতা শেয়ার করবেন।”