ইপেপার / প্রিন্ট
বগুড়া-৬ আসনের উপনির্বাচন উপলক্ষে দায়িত্ব পালনকালে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ।
রোববার (৫ এপ্রিল) সকাল ১০টায় বগুড়ায় অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সেলের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে এবং সংঘাত-রক্তপাত ছাড়াই সম্পন্ন হয়েছে। উপনির্বাচন হলেও এটিকে ছোট করে দেখা যাবে না। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, বিগত নির্বাচনে কিছু প্রিজাইডিং কর্মকর্তার অসতর্কতার কারণে বিতর্ক সৃষ্টি হয়েছিল, যা ভবিষ্যতে পুনরায় এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
অবৈধ ও হারানো অস্ত্র নিয়েও ইসি সতর্ক করে বলেন, এসব বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে। বর্তমানে চার শতাধিক পিস্তল নিখোঁজ রয়েছে। কোনো অসৎ উদ্দেশ্য যেন বাস্তবায়িত না হয়, সেই কারণে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম, আনসার বাহিনীর রাজশাহী রেঞ্জের পরিচালক শফিকুল ইসলাম, বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, ৪০ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট তানভীর আহমেদ তমাল, রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচন কমিশন উপনির্বাচনের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছে।