ইপেপার / প্রিন্ট
মিশরের রাজধানী কায়রোতে মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার ফলে অন্তত ৯ জনের মৃত্যু এবং ১৭ জন আহত হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ১২ তলার ওই ভবনের নিচতলায় অবস্থিত একটি পোশাক কারখানা ও গুদামে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ৩ জন নিহত এবং ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরবর্তী উদ্ধার অভিযানে মোট ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। আগুন লাগার সম্ভাব্য কারণ অনুসন্ধানে কারখানার মালিককে আটক করা হয়েছে।
কায়রোর গভর্নর ইব্রাহিম সাবের জানান, জেইতুন জেলার সারায়া এল কোব্বা সড়কে অবস্থিত ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে আনতে সিভিল ডিফেন্সের দল দ্রুত পৌঁছে ‘কুলিং অপারেশন’ চালায়। আগুন নেভাতে ৬টি ফায়ার ইঞ্জিন এবং আহতদের উদ্ধারে ১০টি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভবনের বিদ্যুৎ ও অন্যান্য ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ভবনের কাঠামোগত ক্ষয়ক্ষতি নিরূপণে একটি প্রকৌশল কমিটি গঠন করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, উদ্ধার অভিযান এখনও চলছে এবং আহতদের বিভিন্ন হাসপাতাল এ নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আগুনের সূত্রপাত ও সম্ভাব্য নিরাপত্তা অনিয়ম সম্পর্কেও তদন্ত চলছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার বিদ্যুতের সংযোগে ত্রুটি বা নিরাপত্তা লঙ্ঘন এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। কর্তৃপক্ষ ভবনটি পুনরায় ব্যবহারযোগ্য কিনা তা নিরূপণের জন্য তাত্ক্ষণিক ব্যবস্থা নিয়েছে।