ইপেপার / প্রিন্ট
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর প্রায় ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটসহ সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়া নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
রেলওয়ে সূত্রে জানা যায়, উদ্ধারকাজ শেষে পর্যায়ক্রমে ট্রেন চলাচল শুরু করা হয়েছে। প্রথমে হরষপুর স্টেশনে অবস্থানরত সিলেটগামী পারাবত এক্সপ্রেস ছেড়ে দেওয়া হয়। এরপর শায়েস্তাগঞ্জে থাকা কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।
ওসি সোহেল রানা বলেন, “দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ সংশ্লিষ্ট সকল সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। লাইনচ্যুত বগিগুলো সরানো এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। সবার সমন্বিত প্রচেষ্টা ও নিরবচ্ছিন্ন পরিশ্রমের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, “উদ্ধারকাজ চলাকালে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়। একইসঙ্গে ছড়িয়ে পড়া জ্বালানি তেল নিয়ন্ত্রণে আনা হয়। সব কার্যক্রম শেষে সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে এবং ট্রেন চলাচল শুরু হয়েছে।”
প্রসঙ্গত, বুধবার রাত আনুমানিক সোয়া ৯টার দিকে সিলেটগামী তেলবাহী মালবাহী ট্রেন মাধবপুর উপজেলার মনতলা রেলওয়ে স্টেশনের শাহপুর এলাকায় লাইনচ্যুত হয়। এতে অন্তত ৬টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে এবং বিপুল পরিমাণ জ্বালানি তেল আশপাশের এলাকা, সড়ক ও পাশের খালে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করে। পরে ক্ষতিগ্রস্ত বগি অপসারণ ও রেললাইন মেরামতের মাধ্যমে পুনরায় চলাচলের উপযোগী করা হয়।