ইপেপার / প্রিন্ট
বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি দেশের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় সহযোগিতা করতে রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটকে মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগ ঢাকাসহ সারাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমলে প্রযোজ্য হবে।
তবে হোটেল, ফার্মেসি ও জরুরি প্রয়োজনীয় সেবা প্রদানের দোকান এবং কাঁচাবাজার এই নিয়মের বাইরে থাকবে।
সংগঠন জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে দেশব্যাপী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় প্রচেষ্টায় অংশ নেওয়া হবে এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি পাবে।