ইপেপার / প্রিন্ট
সমাজকল্যাণ ও মহিলা-শিশু খাতে চলমান কার্যক্রম জোরদারে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রীবৃন্দ।
রোববার (২৯ মার্চ ২০২৬) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। বিশ্বব্যাংকের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জঁ পেসমে।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ, অতিরিক্ত সচিব নার্গিস খানম এবং যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।
বৈঠকে সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী জানান, এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে, যার মাধ্যমে তারা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন।
তিনি আরও বলেন, আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা রয়েছে, যা দেশের প্রতিটি পরিবারের নারী প্রধানকে অন্তর্ভুক্ত করবে এবং তাদের সামাজিক স্বীকৃতি দেবে।
বিশ্বব্যাংকের প্রতিনিধি জঁ পেসমে এই উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন এবং সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে উভয় পক্ষ ফ্যামিলি কার্ড কর্মসূচির টেকসই বাস্তবায়নে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়।
সরকার মনে করছে, এই উদ্যোগ সফল হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।