ইপেপার / প্রিন্ট
ইরানের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল হামলা চালায়, তবে সংযুক্ত আরব আমিরাতকে তছনছ করা হবে। কর্মকর্তারা মনে করছেন, এই স্থল হামলার পরিকল্পনা আমিরাত থেকে করা হতে পারে, যেহেতু দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় করছে।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া সাক্ষাৎকারে কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার এক মাসের বেশি সময় পার হওয়ার পরও যুদ্ধ অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থল হামলার পরিকল্পনা করছেন, যা সম্ভবত উপসাগরীয় আরব দেশগুলো থেকে শুরু হতে পারে।
ইরানের কর্মকর্তাদের মতে, আমিরাত শুধুমাত্র মার্কিন সেনাদের ঘাঁটি প্রদান করছে না, তারা যুদ্ধক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা পালন করছে। তাই ইরান সিদ্ধান্ত নিয়েছে, আমিরাতকে আর সহনশীলভাবে দেখবে না।
এক কর্মকর্তা বলেন, “আমিরাত যদি যুক্তরাষ্ট্রের হয়ে স্থল হামলা চালায়, আমরা দেশটিকে সরাসরি শত্রু হিসেবে বিবেচনা করব। হামলা কেবল সামরিক স্থাপনা নয়, সরকারের মালিকানাধীন বেসামরিক অবকাঠামোতেও বিস্তৃত হবে।”
অপর এক কর্মকর্তা আরও জানান, ইরানের গোয়েন্দারা রাশিয়ার গোয়েন্দা তথ্য ও নিজস্ব তথ্যের ভিত্তিতে ধারণা করছেন যে, যুক্তরাষ্ট্রের স্থল হামলা অত্যন্ত নিকটবর্তী এবং যে কোনো সময় ঘটতে পারে। এতে খার্গ দ্বীপের ওপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে, যা ইরানের ৯০ শতাংশ অপরিশোধিত তেল রপ্তানির কেন্দ্র।
ইরান ইতিমধ্যে আমিরাতকে সরাসরি বার্তা পৌঁছে দিয়েছে এবং সতর্ক করেছে যে, কোনো স্থল হামলা হলে প্রতিশোধ সীমাবদ্ধ থাকবে না।