ইপেপার / প্রিন্ট
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিনব এক প্রতারণার চক্র ধরা পড়েছে। যাত্রীদের ফাঁদে ফেলার জন্য তারা দর্শনার্থীর ছদ্মবেশ ধারণ করত এবং প্যান্টের নিচে লুকানো পলিথিন দিয়ে ব্যাগ মুড়িয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিত।
গত দুই মাসে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এই চক্রের ৩৬ জনকে গ্রেপ্তার করেছে। এপিবিএনের সহকারী পুলিশ সুপার রাকিবুল ইসলাম জানান, গ্রেফতাররা বিমানবন্দরের প্রবেশপথ সংলগ্ন গোলচত্বরের বাইরে অবস্থান করে যাত্রীদের টার্গেট করতেন।
প্রতারকদের কৌশল ছিল যথেষ্ট চতুর। তারা প্যান্টের নিচে লুকানো পলিথিন দ্রুত বের করে অল্প সময়ে ব্যাগ মুড়িয়ে দিত, যার ফলে অনেক যাত্রী বিভ্রান্ত হয়ে তাদের সেবা গ্রহণ করতেন এবং বেশি টাকা দিতে বাধ্য হতেন।
ফেব্রুয়ারি মাসে ২১ জন এবং মার্চে ১৫ জনকে গ্রেফতার করা হয়। পরে তারা বিমানবন্দরের ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে বিভিন্ন মেয়াদে সাজা পান।
এপিবিএন জানিয়েছে, বিমানবন্দরের বহির্গমন কনকোর্সে এখন আধুনিক ব্যাগ র্যাপিং মেশিন স্থাপন করা হয়েছে। যাত্রীদের নিরাপদ ও নির্ধারিত মূল্যে সেবা গ্রহণের জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। বিমানবন্দর এলাকায় প্রতারণা ও হয়রানি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।