ইপেপার / প্রিন্ট
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত দ্বিতীয় চালানের ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গমবাহী জাহাজ MV Ubon Naree চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে।
খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন গম দেশে এসেছে। দুই ধাপে এ পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণ গম আমদানি সম্পন্ন হয়েছে।
জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে। মোট আমদানিকৃত গমের মধ্যে ৩৭ হাজার ২৯০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দর-এ খালাস করা হবে এবং বাকি ২৪ হাজার ৮৬০ মেট্রিক টন মোংলা বন্দর-এ পাঠানো হবে।
সরকারি চুক্তির আওতায় জি-টু-জি (সরকার থেকে সরকার) ব্যবস্থায় গম আমদানি করা হয়েছে। এতে জি-টু-জি ১ চুক্তির অধীনে ২ লাখ ৩৭ হাজার ৮৪৫ মেট্রিক টন এবং জি-টু-জি ২ চুক্তির অধীনে ২ লাখ ৩০ হাজার ৩৯ মেট্রিক টন গম ইতোমধ্যে দেশে পৌঁছেছে।
উল্লেখ্য, দেশে বছরে মোট গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন হলেও উৎপাদন হয় প্রায় ১০ লাখ মেট্রিক টন। ফলে ঘাটতি পূরণে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিয়মিত গম আমদানি করতে হয়।
সংশ্লিষ্টরা বলছেন, এই আমদানি দেশের খাদ্য মজুদ শক্তিশালী করতে এবং বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।