ইপেপার / প্রিন্ট
সিঙ্গাপুরের সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। এই তথ্য জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
মন্ত্রী বলেন, চিকিৎসকদের সঙ্গে আলোচনায় দেখা গেছে, বিভিন্ন প্যারামিটার পজিটিভ সাইন দিচ্ছে। তিনি বলেন, “ওনার অবস্থা উন্নতির দিকে, আলহামদুলিল্লাহ। ব্রেনের বিষয়টি একটু সময় নেবে। পরিবারের পক্ষ থেকে দেশের সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।”
মির্জা আব্বাসকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ১৫ মার্চ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসকরা তাকে বেড থেকে চেয়ারে বসিয়েছেন, যা একটি পজিটিভ সাইন হিসেবে দেখা হচ্ছে। ধীরে ধীরে তিনি কথা বলতেও সক্ষম হচ্ছেন। চিকিৎসা চলমান রয়েছে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে।
হাসপাতালে মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষণিক পাশে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।