ইপেপার / প্রিন্ট
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে রাজধানীতে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে বর্ণাঢ্য আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’ শিরোনামে বিশেষ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ২০ মার্চ (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির নন্দনমঞ্চে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মফিদুর রহমান। সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।
আয়োজন সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে শেখ রেজাউদ্দিন আহমেদ বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতিমূলক সমাজ গঠনে সব ধর্ম ও জাতিগোষ্ঠীর উৎসবকে সমান গুরুত্ব দিয়ে উদযাপন করা জরুরি। তিনি জানান, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্যের ভিত্তিতে একটি গণতান্ত্রিক সমাজ গড়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। পাশাপাশি এতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পীরা অংশ নেবেন। সংগীত পরিবেশন করবেন বেবী নাজনীন, ন্যান্সি, পিয়াল হাসান, নোলক বাবু, অনিমেষ রায়, অনন্যা আচার্য্য এবং সমীর কাওয়াল।
এছাড়াও দর্শনার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় মেহেদি কর্নার, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলবে। আয়োজকরা জানান, এই আনন্দঘন আয়োজন সবার জন্য উন্মুক্ত এবং নগরবাসীকে পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।