ইপেপার / প্রিন্ট
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা এক ব্যক্তিকে রাজধানী থেকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তির নাম মো. আব্দুস সালাম।
সোমবার (১৬ মার্চ) সকাল ৭টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, মো. আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়–এর ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যসহ নানা ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালাতেন।
তার এসব কর্মকাণ্ডের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য সরকারের বিভিন্ন পর্যায়ে পৌঁছালে বিষয়টি তদন্তে নামে একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা। যাচাই-বাছাই শেষে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে গোয়েন্দা সদস্যদের একটি দল আগারগাঁওয়ের পানির ট্যাংকি এলাকায় তার বাসভবনে অভিযান চালায়। প্রায় ছয় ঘণ্টার প্রচেষ্টার পর তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটক আব্দুস সালামকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে তার সঙ্গে আরও কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তিনি কতজনের সঙ্গে প্রতারণা করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে শেরেবাংলা নগর থানা–য় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।