ইপেপার / প্রিন্ট
পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পরিদর্শক আব্দুর রবের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ।
বুধবার (১১ মার্চ) দুদকের আবেদন অনুযায়ী এই আদেশ দেওয়া হয়। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম আবেদনে জানিয়েছিলেন, অনুসন্ধানাধীন নথি ও অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে আব্দুর রবের সর্বশেষ দাখিলকৃত রিটার্ন পর্যন্ত সমস্ত আয়কর নথি এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা প্রয়োজন।
আদালত নির্দেশ দিয়েছেন, অভিযোগ সংশ্লিষ্ট আব্দুর রবের নামের মূল আয়কর নথি শুরু থেকে সর্বশেষ করবর্ষ পর্যন্ত এবং তার স্থায়ী ও বিবিধ অংশসহ সকল রেকর্ডপত্র/তথ্যাদি দুদক কর্তৃক জব্দ করা হবে। জব্দকৃত নথির সত্যায়িত অনুলিপি কমিশনারের কাছে সরবরাহ করারও নির্দেশ দেয়া হয়েছে।