ইপেপার / প্রিন্ট
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, “কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না। যারা মিথ্যাচার করছেন, তাদের ইহকাল ও পরকালে জবাব দিতে হবে।”
রোববার (১ ফেব্রুয়ারি) খিলগাঁও বাজারে গণসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে কিছু দল আক্রমণাত্মক ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যার প্রধান লক্ষ্য তিনি নিজেই।
আব্বাস ইসির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “নির্বাচন কমিশন পক্ষপাত অবলম্বন করছে। এত অপবাদ ও মিথ্যাচার সত্ত্বেও কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, এ বিষয়ে আমরা অভিযোগ করেছি।”
তিনি আরও জানান, তার এলাকায় ২ লাখ ৮০ হাজার ভোটারের মধ্যে অর্ধেক ভোটার উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না। এ ধরনের ভোটার না পাওয়া গেলে নির্বাচন কমিশনকে এ বিষয়টি বাতিল করার পরামর্শ দেবেন।
মির্জা আব্বাস নারী অধিকার প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি বলেন, “কর্মজীবী নারীদের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী দলগুলোর শীর্ষনেতাদের অশ্লীল মন্তব্য গ্রহণযোগ্য নয়। আমাদের ধর্মে নারীর সমঅধিকার নিশ্চিত করা হয়েছে। নাগরিকরা এসব বিষয়ে সতর্ক থাকুন।”
তিনি গণমাধ্যমের স্বাধীনতার প্রশংসা করে বলেন, “গণমাধ্যম আমাদের বিরুদ্ধেও অনেক সময় অনেক কিছু লিখেছে। আমরা তা গ্রহণ করি। তবে কিছু ব্যক্তি গণমাধ্যমকে হুমকি দিচ্ছেন, যা প্রমাণ করে তারা গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব বোঝে না।”