ইপেপার / প্রিন্ট
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথম ভাগে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ রাজধানীতে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪১ মিনিটে।
অন্যদিকে, মঙ্গলবার রাতে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।