ইপেপার / প্রিন্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক প্রস্তুতি নিয়ে বিদেশি কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কমিশনের প্রতি তাদের সর্বোচ্চ আস্থা জানিয়েছেন, উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি মিশনের প্রতিনিধিদের ব্রিফিং শেষে তিনি এসব কথা জানান।
সিইসি বলেন, বৈঠকে কূটনীতিকদের সঙ্গে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ, প্রক্রিয়া ও আইনি প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারা কমিশনের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং সর্বোচ্চ আস্থা জানিয়েছেন।
তিনি আরও বলেন, “ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিত করার জন্য কমিশন বদ্ধপরিকর। আমরা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছি।”
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী আইন ও প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ নীতিমালা এবং নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়ে কূটনীতিকদের বিস্তারিত ব্রিফ দেওয়া হয়।
সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ব্রিফিংয়ে চারজন নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘের প্রতিনিধি বৈঠকে অংশ নেন।
উল্লেখ্য, এই ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারে কড়াকড়ি আরোপ করা হয়। তবে বৈঠক শেষে কমিশনের সিনিয়র সচিব সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ প্রদান করবেন।