ইপেপার / প্রিন্ট
রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের দ্রুত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করেন।
মিরপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মামুন জানান, মিরপুর ৭ নম্বর ঝিলপাড় বস্তিতে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়েও তদন্ত চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।