ইপেপার / প্রিন্ট
ঢাকা-১৪ আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি বলেছেন, সদ্য প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আদর্শে কাজ করতে চান তিনি।
বুধবার (২১ জানুয়ারি) তিনি ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ধানের শীষ প্রতীকের চিঠি গ্রহণের পর সাংবাদিকদের বলেন, “আমি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে জনগণের কল্যাণে কাজ করতে চাই। ধানের শীষের বিশ্বাস ও সমর্থন নিয়ে আমি বিজয়ী হতে চাই এবং জনগণের পূর্ণ সমর্থন কামনা করি।”
তিনি আরও বলেন, “ঢাকা-১৪ আসনে সুন্দর প্রযোজনার মাধ্যমে অপরাজনীতি বন্ধ করতে চাই। আমরা অপরাজনীতি কালচার চাই না। মানুষ যাতে নিরাপদে থাকতে পারে, নিরাপত্তা পায়, এবং কেউ নিখোঁজ বা গুম হয় না—এমন বাংলাদেশ গঠনে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। গণঅভ্যুত্থানের পর বিএনপি স্পষ্ট নীতি প্রণয়ন করেছে; অন্যরা এখনও তাদের নীতি স্পষ্ট করেনি। আমরা আমাদের নীতি নিয়ে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছি।”
প্রতীক বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হওয়ায় এখন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আমরা ধানের শীষ প্রতীকের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাতে চাই এবং নির্বাচন শুরু হবে আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে।”
নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হবে।
সানজিদা ইসলাম তুলির বক্তব্য থেকে স্পষ্ট, তিনি বিএনপির নীতি ও আদর্শকে জনগণের সেবায় প্রয়োগ করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং ঢাকা-১৪ আসনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছেন।