ইপেপার / প্রিন্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালট পেতে নানা ধরনের সমস্যায় পড়েছেন। তথ্যপ্রযুক্তির উন্নতির কারণে কুয়েতের অনেক পোস্ট অফিসের কার্যক্রম বর্তমানে বন্ধ থাকায়, ভোটার নিবন্ধনের সময় অনেকে ভুলবশত বন্ধ পোস্ট অফিসের ঠিকানা ব্যবহার করেছেন। ফলে অনেক প্রবাসী বাংলাদেশি সময়মতো ব্যালট পেপার হাতে পাচ্ছেন না।
এ বিষয়ে বুধবার (২১ জানুয়ারি) কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বলেন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ ও পোস্ট অফিসগুলোতে খোঁজখবর নিয়ে দ্রুত প্রবাসীদের ব্যালট হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার রাষ্ট্রদূত কুয়েতের বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশির সঙ্গে পোস্টাল ভোট বিষয়ে মতবিনিময় সভা করেন। সভায় প্রবাসীরা পোস্টাল ব্যালট প্রাপ্তিতে বিদ্যমান প্রতিবন্ধকতা ও সমস্যার কথা তুলে ধরেন।
উল্লেখ্য, কুয়েত থেকে এবার ৩৫,৩৮৬ জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন, যার মধ্যে ৫২৪ জন নারী ভোটার। যারা এখনও ব্যালট পাননি, তারা অনলাইনে ‘পোস্টাল ট্র্যাকিং’-এর মাধ্যমে ব্যালট কোন পোস্ট অফিসে আছে তা যাচাই করে দ্রুত সংগ্রহ করতে পারবেন।
প্রাপ্ত ব্যালট পেপার ‘পোস্টাল ভোট অ্যাপ’-এর নির্দেশনা অনুসরণ করে পূরণ করতে হবে এবং হলুদ খামে ভরে ২২ থেকে ২৫ জানুয়ারির মধ্যে নিজ নিজ পোস্ট অফিসে জমা দিতে হবে।
রাষ্ট্রদূত সভায় সতর্ক করে বলেন, পোস্টাল ব্যালটে ভোট প্রদানের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা দণ্ডনীয় অপরাধ। তিনি কুয়েতে বসবাসরত সকল প্রবাসীর প্রতি আহ্বান জানান, ভোটের গোপনীয়তা ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে সবাই সচেতন হোন।