ইপেপার / প্রিন্ট
চট্টগ্রাম, ২০ জানুয়ারি ২০২৬ – চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুরে নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২টায়। এতে উপস্থিত থাকবেন র্যাব ফোর্সের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। চট্টগ্রাম র্যাবের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (১৯ জানুয়ারি) সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় আরও চার র্যাব সদস্য এবং সোর্স মনা গুরুতর আহত হন। নিহত মোতালেব বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং র্যাবে প্রেষণে কর্মরত ছিলেন।
পুলিশ, র্যাব এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে বিএনপি কার্যালয় উদ্বোধনের কথা ছিল। সেখানে বিপুলসংখ্যক লোক উপস্থিত হন। রুকন গ্রুপের অনুসারী ও র্যাবের সোর্স মনা র্যাবকে জানান যে ওই অনুষ্ঠানে ইয়াসিন উপস্থিত থাকবেন। এই তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম র্যাবের পতেঙ্গা কোম্পানি থেকে একটি টিম সেখানে অভিযান চালাতে যায়।
বিকেল পৌনে চারটার দিকে অভিযানে যাওয়া র্যাব সদস্যদের ওপর ইয়াসিন গ্রুপের অনুসারীরা হামলা চালায়। একপর্যায়ে চার র্যাব সদস্য এবং সোর্স মনাকে আটক করা হয়। আটক সদস্যদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে তাদের ওপর মারধর করা হয়। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে এবং স্থানীয় পক্ষের সহায়তায় আহতদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা মোতালেবকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে পাহাড় দখল, অবৈধ বসতি ও প্লট বাণিজ্য কেন্দ্রিক সশস্ত্র সন্ত্রাসের জন্য পরিচিত। এখানে সরকারি খাস জমির নিয়ন্ত্রণকে ঘিরে বছরের পর বছর ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ ও হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। ইয়াসিন ও রুকন নামের দুই প্রভাবশালী গ্রুপ এই এলাকায় দীর্ঘদিন আধিপত্য বিস্তার নিয়ে লড়াই করছে।
যেখানে ইয়াসিন বর্তমানে বিএনপির পরিচয়ে সক্রিয়, সেখানে রুকন উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করছে। সম্প্রতি তাদের দ্বন্দ্ব আরও ভয়াবহ রূপ নেয় বিএনপির একটি কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে।