ইপেপার / প্রিন্ট
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল ভোট সংক্রান্ত সব তথ্য সময়মতো ও নিরবচ্ছিন্নভাবে পেতে ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের সেটিংসে পরিবর্তন আনার জন্য ভোটারদের অনুরোধ জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, যেসব ভোটার ইতোমধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন, তারা যেন অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ বার্তা বা নির্দেশনা পান, সে লক্ষ্যে পুশ নোটিফিকেশন অপশনটি সক্রিয় রাখা জরুরি।
ইসি সূত্র জানায়, এজন্য ভোটারদের ‘Postal Vote BD’ অ্যাপে প্রবেশ করে Settings অপশনে গিয়ে Push Notification অপশনটি Enable বা সচল করে নিতে হবে। এতে করে ব্যালট পাঠানো, ভোট প্রদানের সময়সূচি কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংক্রান্ত কোনো বার্তা ভোটারদের চোখ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
নির্বাচন কমিশন আরও জানায়, এবারের জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য দেশ ও বিদেশ মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার সফলভাবে নিবন্ধন সম্পন্ন করেছেন। ইতোমধ্যে প্রবাসী ভোটারদের কাছে ডিজিটাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অভ্যন্তরে নিবন্ধিত পোস্টাল ভোটারদের কাছেও ব্যালট পাঠানো হবে।
ইসি জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর থেকেই নিবন্ধিত পোস্টাল ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রবাসীসহ সব পোস্টাল ভোটারের অংশগ্রহণ সহজ ও কার্যকর করতে এবার ‘Postal Vote BD’ অ্যাপ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন।