ইপেপার / প্রিন্ট
মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ টেকনাফের শিশু হুজাইফা আফনানের চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে একটি উচ্চপর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শিশুটির সংকটাপন্ন অবস্থার কারণে পরবর্তী চিকিৎসা কৌশল নির্ধারণই বোর্ড গঠনের মূল উদ্দেশ্য।
হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু জানিয়েছেন, মেডিকেল বোর্ডের নেতৃত্বে আছেন হাসপাতালের পরিচালক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ। বোর্ডে নিউরোসার্জারি, নিউরোলজি, আইসিইউ এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রয়েছেন।
বর্তমানে শিশুটি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডা. হিমু জানান, বোর্ডের বৈঠকে হুজাইফার বর্তমান শারীরিক অবস্থা, গুলির আঘাতজনিত জটিলতা এবং সম্ভাব্য চিকিৎসা ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। বোর্ড মিটিং শেষে পরবর্তী চিকিৎসা সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে শিশুর মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়। চিকিৎসকেরা সতর্ক করেছেন, হুজাইফার অবস্থা অত্যন্ত সংবেদনশীল হওয়ায় প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে নেওয়া হচ্ছে।