বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

স্বাস্থ্যসেবা অধিকার, কোনো সুবিধা নয়—ডা. জুবাইদা রহমান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ মে, ২০২৬

স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, এটি কোনো সুবিধা নয়—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে “স্বাস্থ্যসেবায় সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন” শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তিবাসীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। তিনি অভিযোগ করেন, দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার এবং সরকারি হাসপাতালগুলো অতিরিক্ত চাপে রয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে প্রতিদিন কঠিন সংগ্রামের মুখোমুখি হতে হয়। অনেক ক্ষেত্রে চিকিৎসার উচ্চ ব্যয়ের কারণে পরিবারগুলো দারিদ্র্যের দিকে ধাবিত হচ্ছে।

স্বাস্থ্যসেবার পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, অনেক এলাকায় মানুষ এখনো প্রাথমিক চিকিৎসার জন্য ফার্মেসির ওপর নির্ভরশীল। এ অবস্থার পরিবর্তন জরুরি বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে কেন্দ্র করে স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই উদ্যোগ বাস্তবায়নে স্বেচ্ছাসেবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, স্বাস্থ্যসেবায় জনগণের প্রতি দায়বদ্ধতা তৈরি করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিবারের উদ্যোগে এই ধরনের কার্যক্রম জনগণের মধ্যে আশার সঞ্চার করবে।

অনুষ্ঠানের আগে ডা. জুবাইদা রহমান হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং রোগীদের খোঁজখবর নেন।