বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সোমবার যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন কাজের উদ্বোধনসহ একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নিতে তিনি এ সফরে যাচ্ছেন।

রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি সফরের বিস্তারিত কর্মসূচি নিশ্চিত করেছেন।

সফরসূচি অনুযায়ী, সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি গুলশান-এর নিজ বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর উদ্দেশ্যে রওনা হবেন। পরে সকাল সাড়ে ৯টায় বিমানবন্দর থেকে আকাশপথে যশোর-এর উদ্দেশ্যে যাত্রা করবেন।

দিনের কর্মসূচিতে বেলা ১১টা ১৫ মিনিটে শার্শা উপজেলা-এর উলশী খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরপর সাড়ে ১১টায় একটি সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।

দুপুরে তার আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। এর মধ্যে রয়েছে শার্শা উপজেলা থেকে যশোর সার্কিট হাউসে যাত্রা এবং দুপুর ১টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতাল-এর ভিত্তিপ্রস্তর স্থাপন।

বিকেলে তিনি যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান-এ জনসভায় অংশ নেবেন। পরে বিকেল সোয়া ৫টায় জনসভাস্থল থেকে যশোর বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়ে সন্ধ্যা ৭টায় ঢাকায় ফেরার কথা রয়েছে।

সরকারি এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।