ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিআইডির মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের জন্য সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সিআইডি সদরদপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, ‘নির্বাচনী দায়িত্ব সিআইডিসহ সমগ্র পুলিশ বাহিনীর জন্য একটি পবিত্র আমানত। দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব অক্ষুণ্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব।’
সিআইডি প্রধান আরও নির্দেশ দিয়েছেন:
-
নির্বাচনী দায়িত্বে বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করতে হবে।
-
পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের সময় নিজের খাবার ও ব্যক্তিগত প্রয়োজন নিজ দায়িত্বে বহন করবেন; কোনো ধরনের অনৈতিক সুবিধা গ্রহণ নিষিদ্ধ।
-
পোশাকের মর্যাদা বজায় রাখা, ধৈর্য ও সংযমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
-
সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন সংক্রান্ত ছবি, পোস্ট বা মন্তব্য শেয়ার করা, কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা বা সহযোগিতা গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।
তিনি আশা প্রকাশ করেন, পুলিশের নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন সম্ভব হবে।
ব্রিফিংয়ে সিআইডির জেলাপর্যায়ের সব ইউনিট অনলাইনের মাধ্যমে যুক্ত হয়।