বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযান দেশীয় অস্ত্রসহ আটক ২

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামের পটিয়া উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে।সোমবার (২৬ জানুয়ারি) ভোররাতে উপজেলার ধলঘাট এলাকায় পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আফজাল মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধলঘাট এলাকার শানু (৫২) নামে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে সেনাবাহিনী অভিযান চালালে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শানু নিজ বাড়ি থেকে পালিয়ে যায়।

এ সময় পালানোর চেষ্টাকালে মো. মুরাদ হাশেমী (৩৫) ও মো. শহীদুল ইসলাম (৫৪) নামে দু’জনকে আটক করে সেনাবাহিনী।

পরবর্তীতে আটককৃতদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৯টি দা ও ৬টি ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। উদ্ধারকৃত অস্ত্রসহ আটক দুজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।