বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের টার্গেট দক্ষিণ সিটির

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ মে, ২০২৬

 

রাজধানীতে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রথম দিনের কোরবানির বর্জ্য মাত্র ৮ ঘণ্টার মধ্যে সম্পূর্ণ অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আবদুস সালাম

শুক্রবার (২২ মে) রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় কোরবানির বর্জ্য অপসারণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে প্রশাসক আবদুস সালাম বলেন, ঈদের দিন দুপুর ১২টা থেকে দক্ষিণ সিটির আওতাধীন এলাকায় বর্জ্য অপসারণের মূল কার্যক্রম শুরু হবে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই প্রথম দিনের সব কোরবানির বর্জ্য সরিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির বর্জ্য কোনোভাবেই ড্রেন, নর্দমা কিংবা খোলা স্থানে ফেলা যাবে না। এতে পরিবেশ দূষণের পাশাপাশি রোগজীবাণুর বিস্তার ঘটতে পারে। একই সঙ্গে বর্ষাকালে জলাবদ্ধতার ঝুঁকিও বাড়বে।

ডিএসসিসির পক্ষ থেকে এবার বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সহযোগিতা বাড়াতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নগরবাসীর মধ্যে ১ লাখ ৪০ হাজার বায়োডিগ্রেডেবল (পচনশীল) ব্যাগ বিতরণ করা হবে। এছাড়া পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যবহার করার জন্য ৪০ টন ব্লিচিং পাউডার ও ১ হাজার ৫০ লিটার স্যাভলন সরবরাহ করা হচ্ছে।

প্রশাসক আরও বলেন, নগরবাসী যদি নির্ধারিত ব্যাগে কোরবানির বর্জ্য ভরে নির্দিষ্ট স্থানে রেখে দেন, তাহলে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত সময়ের মধ্যে সেগুলো সংগ্রহ ও অপসারণ করতে পারবে।

ঈদকে সামনে রেখে রাজধানীর পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় দক্ষিণ সিটির এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।