বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৬০ ফিট সড়কের যানজট নিরসনে নতুন সংযোগ সড়ক তৈরি হচ্ছে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

রাজধানীর মিরপুরবাসীর দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ কমাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ৬০ ফিট সড়ককে সরাসরি মিরপুরের প্রধান সড়কের সঙ্গে যুক্ত করার জন্য নতুন সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এই উদ্যোগের অংশ হিসেবে ৬০ ফিট সড়কের উত্তরপ্রান্তে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ডের গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নামে সিটি জরিপে রেকর্ড করা ৮০৮০০ ও ৪০৪৫৬ দাগের জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মুখপাত্র জোবায়ের হোসেন জানান, আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার থেকে শুরু হওয়া ৬০ ফিট সড়কটি এতদিন মিরপুর ১০ থেকে মিরপুর ২ নম্বরগামী প্রধান সড়কের সঙ্গে যুক্ত হওয়ার আগেই শেষ হয়ে যেত। ফলে যানবাহনকে ডানদিকে সরু পথে মোড় নিতে হতো, যেখানে দুই দিকের ট্রাফিক চলাচলের কারণে সারাদিনই যানজট লেগে থাকত।
তিনি বলেন, এই সমস্যার স্থায়ী সমাধানে ডিএনসিসি এখন বাম পাশ দিয়ে একটি নতুন সংযোগ সড়ক নির্মাণ করছে, যা মিরপুর ২ পোস্ট অফিসের পাশ দিয়ে মিরপুরের মূল সড়কের সঙ্গে মিলবে। এতে ৬০ ফিট সড়কের যানবাহন একমুখী লেনে সরাসরি মিরপুরের প্রধান সড়কে প্রবেশ করতে পারবে।

আজকের উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দীন, অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ প্রমুখ।