বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৫ দিনজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী দিনগুলোতেও আবহাওয়ার একই ধরনের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বুধবার (১৮ মার্চ) থেকে বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত দেশের প্রায় সব বিভাগেই দুই-এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে বা অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২০ মার্চ) ও শনিবার (২১ মার্চ) বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়। অন্য বিভাগগুলোতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সব মিলিয়ে, সপ্তাহজুড়ে দেশের আবহাওয়া অস্থির থাকতে পারে—মাঝে মাঝে ঝড়ো হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।