বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ জুলাই, ২০২৬

ঢাকা, ১ জুলাই ২০২৬: সরকারের প্রতি আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই সেখানে প্রবেশ করবে।

বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার কার্যক্রম প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। তাঁর ভাষ্য, বিচারপ্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করতে হবে এবং সংশ্লিষ্ট সব মামলার নিষ্পত্তিতে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে তিনি ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করতে হবে এবং আদালতের রায় অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও এর চেতনা বাস্তবায়নের জন্য কেবল আনুষ্ঠানিক কর্মসূচি পালন যথেষ্ট নয়। তাঁর মতে, জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া উচিত।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী সামনে রেখে সরকার এখনো আনুষ্ঠানিক কোনো কর্মসূচি ঘোষণা করেনি বলেও মন্তব্য করেন তিনি। তবে সরকার দ্রুত এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় ১৪ দলীয় নেতা হাসানুল হক ইনুর সাজা প্রসঙ্গেও বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, ইনুর বিরুদ্ধে ঘোষিত ১০ বছরের সাজা যথেষ্ট নয় এবং আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তি নিশ্চিত হওয়া উচিত।

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক কর্মীরা উপস্থিত ছিলেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও নীরবতা পালনের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।