রাজধানীর বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
আটককৃতরা হলো মোঃ রবিউল মিয়া, মনির, মোঃ জলিল হোসেন, মোঃ শফিকুল ইসলাম ওরফে পূনম ও মোঃ ইমরান হোসেন।
বৃহস্পতিবার (১৫ জুন) সন্ধ্যা ০৭:০০ টায় বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার মোঃ এরশাদুর রহমান জানান, বিজয়নগরের জাতীয় স্কাউট ভবনের সামনে কতিপয় ব্যক্তি প্রাইভেটকারে গাঁজাসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে এ বিপুল পরিমান গাঁজাসহ আটক করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১১-৮৫৫২) টি জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।