বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৫০তম বিসিএস পরীক্ষা–২০২৫-এর প্রিলিমিনারি টেস্ট আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে আয়োজন করা হবে।
প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে। পরীক্ষা কেন্দ্র, আসন বিন্যাস এবং গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ পিএসসি ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
পিএসসি জানায়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় ক্রম অনুসারে বিন্যস্ত করা হবে। এছাড়া, কক্ষভিত্তিক দৈবচয়ন পদ্ধতিতে আসন নির্ধারণ করা হবে, যার কারণে পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে হলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষা শুরুর সকাল ৯টা ৩০ মিনিটের পর আর কাউকে হলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পিএসসি পরীক্ষার্থীদের অনুরোধ করেছে, সব নির্দেশনা যথাযথভাবে মেনে চলার মাধ্যমে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করবেন।