সিরাজগঞ্জে অভিনব কৌশলে অনলাইন বিনিয়োগের নামে প্রতারণা করে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. আব্দুল হামিদ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি কখনও নিজেকে ‘৪০০ বছর বয়সী জিনের বাদশা’ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখাতেন, আবার কখনও বিভিন্ন অ্যাপসে বিনিয়োগ করলে অল্প সময়ে মোটা অঙ্কের লাভ হবে বলে সাধারণ মানুষকে প্রলুব্ধ করতেন।
মঙ্গলবার (২ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ভুক্তভোগী মমতাজ বেগমের দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত শুরু করে তারা। অভিযোগ অনুযায়ী, আব্দুল হামিদ প্রথমে ‘ইকো ভোল্ট’ নামের একটি অ্যাপসের মাধ্যমে উচ্চ মুনাফার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০০ জন মানুষের কাছ থেকে ১১ লাখ টাকা সংগ্রহ করেন।
পরবর্তীতে ‘সিইএফ’ নামের আরেকটি অ্যাপসে বিনিয়োগের কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে আরও ৬ লাখ টাকা হাতিয়ে নেন। পরে আগের অ্যাপসটি অকার্যকর হয়ে গেলে নতুন করে লাভের প্রলোভন দেখিয়ে আরও ৪ লাখ টাকা সংগ্রহ করেন। সব মিলিয়ে প্রায় ২১ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশের গোয়েন্দা নজরদারির একপর্যায়ে সলঙ্গা থানার বনবাড়ীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ট্যাবলেট, একটি স্মার্টফোন এবং প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন প্রচারপত্র জব্দ করা হয়।
তদন্তে জানা গেছে, তিনি নিয়মিত নতুন নতুন অ্যাপস চালু করে বিনিয়োগের আহ্বান জানাতেন। কিছুদিন পর অ্যাপসগুলো বন্ধ করে আবার নতুন নামে কার্যক্রম শুরু করতেন। টাকা ফেরত চাইলে বা প্রশ্ন তুললে তিনি একটি ভুয়া টেলিগ্রাম আইডি ব্যবহার করে নিজেকে ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে ভয় দেখাতেন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে তাকে আদালতে পাঠানো হবে।