বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৩ মার্চ থেকে ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি, অনলাইনে মিলবে শতভাগ টিকিট

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। সম্ভাব্য ঈদের তারিখ ২১ মার্চ ধরে সাত দিনের অগ্রিম টিকিট বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে এবং যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে ছাড়া হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।

সূচি অনুযায়ী, ১৩ মার্চের যাত্রার টিকিট বিক্রি হবে ৩ মার্চ, ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির তারিখ নির্ধারণ করা হবে।

এছাড়া যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহের সুযোগ রাখা হয়েছে। তবে ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং একবারে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। বিক্রি হওয়া কোনো টিকিট রিফান্ড করা হবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রাজধানীর রেল ভবনে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ আশা করছে, আগাম পরিকল্পনা ও অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে এবারের ঈদযাত্রা আরও সুশৃঙ্খল হবে।